গথিক হররঃ মানুষের মনের ভেতরের অন্ধকারের এক প্রতিফলিত রূপ

ভয়, রহস্য আর অজানার খোঁজে সাহিত্যের যে ধারাগুলো তৈরি হয়েছে, তার মধ্যে গথিক হরর নিঃসন্দেহে সবচেয়ে দীর্ঘস্থায়ী ও প্রভাবশালী স্থান দখল করে আছে। দুই শতাব্দীরও বেশি সময় ধরে এই ধারাটি পাঠকদের মুগ্ধ করে রেখেছে। ভৌতিক প্রাসাদ, অভিশপ্ত বংশ, রহস্যময় আগন্তুক, অতিপ্রাকৃত ঘটনা, নিষিদ্ধ জ্ঞান আর উন্মাদনার শেষ সীমানায় পৌঁছে যাওয়া নায়ক-নায়িকাদের গল্প দিয়েই মূলত এই ধারাটি চেনা যায়।
 
অন্যান্য সাধারন ভৌতিক গল্পগুলোর মত পাঠকদের কেবল ভয় দেখানোই গথিক হররের মূল উদ্দেশ্য নয়। এর আসল শক্তি হলো গভীর মনস্তত্ত্ব, তীব্র আবেগ, দার্শনিক প্রশ্ন আর দারুণ এক রোমাঞ্চকর আবহ তৈরি করার ক্ষমতা। গথিক হরর এমন এক জগৎ তৈরি করে, যেখানে কেবল বাইরের অন্ধকারেই দানব লুকিয়ে থাকে না, বরং মানুষের মনের গহীন কোণে লুকিয়ে থাকা আসল দানবগুলোকেও টেনে বের করে আনা হয়। 
 
আঠারো এবং উনিশ শতকের ইউরোপে যখন ব্যাপক সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তন চলছিল, ঠিক তখনই গথিক সাহিত্যের পথচলা শুরু হয়। সেই সময়ের বিজ্ঞানের অগ্রগতি, আলোকিত যুগের (Enlightenment Era) যুক্তিবাদী চিন্তা, রাজনৈতিক বিপ্লব এবং দ্রুত শিল্পায়ন ইউরোপিয়ান সমাজের প্রচলিত বিশ্বাস আর পুরোনো প্রতিষ্ঠানগুলোর ভিত্তিকে নাড়িয়ে দিয়েছিল।  
 
গথিক-হরর-মানুষের-মনের-ভেতরের-অন্ধকারের-এক-প্রতিফলিত-রূপ

 
 
সবকিছুকে যুক্তি দিয়ে বিচার করার এই প্রবণতার বিপরীতে গিয়ে গথিক সাহিত্যের লেখকেরা রহস্য, তীব্র আবেগ আর অতিপ্রাকৃতিক জগতকে বেছে নেন। তাঁরা এমন সব গল্প লিখতে শুরু করেন, যা মানুষের মনে একটি বড় প্রশ্ন ছুঁড়ে দেয়ঃ মানব জীবনের সব জটিলতা আর অনুভূতির গভীরতাকে কি আসলেই কেবল যুক্তি দিয়ে পুরোপুরি ব্যাখ্যা করা সম্ভব? 
 
আজকের দিনেও গথিক হরর তার আবেদন হারায়নি; বরং সাহিত্য, সিনেমা, টেলিভিশন, ভিডিও গেম, স্থাপত্য এবং পপ সংস্কৃতির ওপর নিজের গভীর প্রভাব বজায় রেখেছে। বর্তমানের আধুনিক ভূতের গল্প, ভ্যাম্পায়ার-কেন্দ্রিক উপন্যাস, সাইকোলজিক্যাল থ্রিলার, ভৌতিক বাড়ির সিনেমা কিংবা মহাজাগতিক হরর (Cosmic Horror), সব কিছুর পেছনেই আসলে গথিক ঐতিহ্যের একটা বড় অবদান আছে।
 

সূচিপত্রঃ গথিক হরর-মানুষের মনের ভেতরের অন্ধকারের এক প্রতিফলিত রূপ 

গথিক সাহিত্যের জন্ম এবং বিকাশ  

১৭৬৪ সালে দ্য ক্যাসেল অব ওত্রান্তো (The Castle of Otranto) বইটি প্রকাশের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে গথিক সাহিত্যের পথচলা শুরু হয়। বইটির লেখক, হোরেস ওয়ালপোল, তাঁর এই উপন্যাসটিকে প্রাচীন রূপকথা (Romance) এবং আধুনিক বাস্তববাদের এক অনন্য মিশ্রণ হিসেবে তুলে ধরেছিলেন। ভেঙে পড়া পুরোনো দুর্গ, গোপন পথ, অলৌকিক শক্তির এক বিশাল হেলমেট, রহস্যময় ভবিষ্যৎবাণী আর অভিশপ্ত জমিদার বা অভিজাত বংশ; এসব উপাদান গুলোই কালক্রমে গথিক সাহিত্যের চিরচেনা সিগনেচার স্টাইল বা বৈশিষ্ট্য হয়ে দাঁড়ায়।
 
গথিক শব্দটি আসলে শুরুতে মধ্যযুগীয় এক বিশেষ ধরনের স্থাপত্যশৈলী বা বিল্ডিং ডিজাইনকে বোঝাত। আকাশছোঁয়া ক্যাথেড্রাল (গির্জা), সূচালো খিলান, অদ্ভুত আকৃতির গার্গয়েল ভাস্কর্য, রঙিন কাচের জানালা আর আলো-ছায়ায় ঘেরা অন্ধকারাচ্ছন্ন ভেতরের পরিবেশ; এসবই ছিল এই স্থাপত্যের মূল বৈশিষ্ট্য। 
 
আঠারো শতকের দিকে এই প্রাচীন ও বিশাল ভবনগুলো মানুষের মনে এক অদ্ভুত বিস্ময়, রহস্য, উদাসীনতা আর ভয়ের জন্ম দিত। সেই সময়ের ইউরোপিয়ান লেখকেরা খুব দ্রুতই চমৎকার এই আবহটিকে তাঁদের গল্পের ব্যাকড্রপ বা পটভূমি হিসেবে ব্যবহার করতে শুরু করেন। ফলে এই রহস্যময় স্থাপত্যগুলোই অতিপ্রাকৃতিক নানা ঘটনা আর মানুষের মনের ভেতরের জটিল টানাপোড়েন ফুটিয়ে তোলার প্রধান প্রতীক হয়ে ওঠে। 
 
গথিক সাহিত্যের বিকাশ মূলত ইউরোপীয় আলোকিত যুগের (Enlightenment Era) মাত্রাতিরিক্ত যুক্তিবাদী ভাবনার বিরুদ্ধে এক ধরণের প্রতিবাদ হিসেবেই হয়েছিল। সে আমলের বড় বড় দার্শনিকেরা যখন যুক্তি, বিজ্ঞান আর মানুষের বুদ্ধিবৃত্তিক জয়যাত্রাকেই সভ্যতার শ্রেষ্ঠ অর্জন হিসেবে তুলে ধরছিলেন, গথিক সাহিত্যের লেখকেরা তখন মানুষের অন্য একটা রূপ দেখাতে চাইলেন। তাঁরা প্রমান করতে চাইলেন যে মানুষ আসলে প্রচণ্ড রকম আবেগপ্রবণ ও অযৌক্তিক এক প্রাণী; এবং যাকে তার অবচেতন মনের ভয়, লালিত কুসংস্কার, অপরাধবোধ আর অদ্ভুত সব স্বপ্ন প্রতিনিয়ত তাড়া করে ফেরে। 
 
তাঁদের গল্পগুলোর মূল বার্তা ছিল এটাইঃ যুক্তি দিয়ে হয়তো বাইরের জগতের অনেক সত্যই খুঁজে পাওয়া সম্ভব, কিন্তু মানুষের মনের গভীরে যে আদিম অন্ধকার লুকিয়ে আছে, তাকে কেবল যুক্তি দিয়ে কখনো পুরোপুরি জয় করা যায় না।  
 

গথিক ভৌতিক সাহিত্যের অপরিহার্য উপাদানসমূহ 

গথিক ভৌতিক সাহিত্যের কাহিনিগুলোর বিষয়বস্তু ও রূপে ব্যাপক বৈচিত্র্য দেখা গেলেও, এগুলোর মধ্যে বেশ কিছু অপরিহার্য উপাদান লক্ষ্য করা যায়। এগুলো হলোঃ
 

ভূতুড়ে এবং নির্জন পরিবেশ  

গথিক হররের পটভূমি বা পরিবেশটাই এমন, যা দেখামাত্রই এই ধারার গল্পগুলোকে আলাদাভাবে চিনে নেওয়া যায়। শতাব্দী প্রাচীন দুর্গ, পরিত্যক্ত মঠ বা গির্জা, ভেঙে পড়া জরাজীর্ণ রাজপ্রাসাদ, জনমানবহীন পুরোনো কবরস্থান, মাটির নিচের অন্ধকার সমাধিক্ষেত্র, থমথমে নির্জন বনভূমি, ঝোড়ো আবহাওয়ায় ঘেরা খাড়া পাহাড়ের চূড়া কিংবা ঘন কুয়াশায় ঢাকা কোনো অজপাড়াগাঁ; এসবই হলো গথিক হরর বা গথিক ভৌতিক সাহিত্যের অতি পরিচিত পটভূমি। এই জায়গাগুলো গল্পে এমন এক রহস্যময় আবহ তৈরি করে, যা পাঠককে তাদের চেনা জানা সমাজ থেকে এক ঝটকায় একদম বিচ্ছিন্ন এক অপার্থিব জগতে নিয়ে যায়। 
 
গল্পের এই জায়গাগুলো কিন্তু কেবল দৃশ্যপট সাজানোর জন্য ব্যবহার করা হয় না; এগুলোর পেছনে গভীর প্রতীকী অর্থ লুকিয়ে থাকে। যেমন, কোনো ভবনের জরাজীর্ণ বা ভেঙে পড়া অবস্থা আসলে চরিত্রের নৈতিক অবক্ষয়, পারিবারিক কোনো গোপন রহস্য কিংবা মানসিকভাবে ভেঙ্গে পড়ার গল্পটাই ফুটিয়ে তোলে।
 
অনেক সময় এই ভৌতিক পরিবেশটাই গল্পের একটি জীবন্ত ও সক্রিয় চরিত্রে রূপ নেয়; যা তার গোলকধাঁধার মতো করিডোরে চরিত্রদের বন্দি করে ফেলে অথবা অতীতের কোনো ভয়ঙ্কর প্রতিধ্বনির মুখোমুখি এনে দাঁড় করিয়ে দেয়। 
 
গথিক গল্পে আবহাওয়াও এক দারুণ ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বজ্রপাতসহ ঝড়, মুষলধারে বৃষ্টি, চারপাশ ঢেকে দেওয়া ঘন কুয়াশা, তুষারপাত আর শেষ না হওয়া অন্তহীন অন্ধকার; চরিত্রদের মনের ভেতরের অনিশ্চয়তা ও চরম অসহায়ত্বকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেয়।
 
গল্পগুলোতে অনেক সময় প্রকৃতিকে এমন রূপকভাবে দেখানো হয়, যেন সে নিছক কোনো জড় উপাদান নয়; বরং গল্পের চরিত্রগুলোর মনের ভেতরের তীব্র হাহাকার, মানসিক যন্ত্রণা আর আবেগের কষ্টের সাথে একাত্ম হয়ে নিজের রুদ্ররূপ প্রকাশ করছে। 
 

ঘটনার চেয়ে অনুভূতির ওপর জোর 

অ্যাকশননির্ভর ভৌতিক গল্পের চেয়ে গথিক সাহিত্যের মূল জোরটাই থাকে এর পরিবেশ আর ছমছমে আবহ তৈরির ওপর। এখানে হঠাৎ করে কোনো মারামারি বা রক্তারক্তি ঘটিয়ে ভয় দেখানোর চেষ্টা করা হয় না। বরং গল্পের পরতে পরতে ধীরে ধীরে জমতে থাকা এক চরম উৎকণ্ঠা, রহস্য আর মনস্তাত্ত্বিক ভয়ের যে টানটান পরিবেশ তৈরি করা হয়, তা যেকোনো আকস্মিক সহিংসতার চেয়েও পাঠককে অনেক বেশি আতঙ্কিত করে তোলে।
 
মিটমিটে মোমবাতির আলোয় আলো-আঁধারি হয়ে থাকা অন্তহীন দীর্ঘ করিডোর, দূর থেকে ভেসে আসা কারো হালকা পায়ের আওয়াজ, চারপাশের রহস্যময় ফিসফিসানি, দেওয়ালের ফ্রেমে বন্দি জীবন্ত মনে হওয়া পুরোনো কোনো তৈলচিত্র, নিজে থেকেই ক্যাঁচক্যাচ শব্দে খুলে যাওয়া ভারী দরজা, আর জনশূন্য বিশাল প্রাসাদের হলরুমে প্রতিধ্বনিত অদ্ভুত সব শব্দ; এই চেনা উপাদানগুলোই গল্পে ধীরে ধীরে এক অসহনীয় মানসিক টানটান উত্তেজনা আর অবরুদ্ধ আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে। 
 
আর এই আবহের মধ্য দিয়েই পাঠকের মনে এক গভীর মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব বা অনিশ্চয়তা তৈরি হয়। আসলেই কি সেখানে কোনো অলৌকিক বা অতিপ্রাকৃতিক অপশক্তির অস্তিত্ব রয়েছে, নাকি চরম আতঙ্কে থাকা চরিত্রগুলো স্রেফ নিজেদের বিভ্রান্ত কল্পনার জালে আটকা পড়েছে?
 
গথিক ভৌতিক সাহিত্যের চরিত্রদের মনের ভেতরের এই দ্ব্যর্থতা বা চরম দোলাচলটুকুই পাঠককে মানসিকভাবে গল্পের ভেতরের জগতের সাথে একদম আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রাখে। ফলে ভয়ের অনুভূতিটা হুট করে কোনো সস্তা চমক বা আচমকা কোনো লাফিয়ে ওঠা ঘটনার ওপর ভর করে তৈরি হয় না; বরং তা গল্পের পরতে পরতে, খুবই স্বাভাবিক নিয়মে ধীরে ধীরে পাঠকের মনের ভেতর ডালপালা মেলে বিকশিত হতে থাকে। 
 
গথিক-হরর-মানুষের-মনের-ভেতরের-অন্ধকারের-এক-প্রতিফলিত-রূপ

 
 

মনস্তাত্ত্বিক আতঙ্ক 

গথিক হররের সবচেয়ে শক্তিশালী দিক হলো যে এটি এটি মানুষের অবচেতন মনের একদম গভীরতম স্তরে গিয়ে আলো ফেলার চেষ্টা করে। এখানে গল্পের খাতিরে আসা বাইরের কোনো দানব, পিশাচ বা ভয়ঙ্কর সত্তা আসলে নিছক কোনো ভুতুড়ে অবয়ব নয়; তারা মূলত মানুষের নিজের ভেতরের তীব্র মানসিক টানাপোড়েন, চেপে থাকা আবেগীয় সংকট আর মনের গহিনে লুকিয়ে থাকা আদিম অন্ধকারেরই একেকটি জীবন্ত রূপক বা প্রতীক হিসেবে কাজ করে থাকে। 
 
গথিক ভৌতিক গল্পের প্রধান চরিত্রগুলো তীব্র শোক, কোনো কিছুর প্রতি অন্ধ আবেশ, কুঁড়ে কুঁড়ে খাওয়া অপরাধবোধ, চরম একাকীত্ব, তীব্র সন্দেহপ্রবণতা, সমাজের চোখে নিষিদ্ধ কোনো আকাঙ্ক্ষা, ধর্মীয় সংশয় কিংবা ক্রমশ গ্রাস করতে থাকা মানসিক উন্মাদনার সাথে প্রতিনিয়ত এক ক্ষয়ীষ্ণু লড়াই চালিয়ে যায়। এই মানসিক টানাপোড়েনের কারণে অনেক গথিক নায়ক বা নায়িকা শেষ পর্যন্ত এমন এক অবিশ্বস্ত বর্ণনাকারী বা আনরিলায়েবল ন্যারেটরে পরিণত হয়, যাদের কথা বা চোখের দেখাকে পাঠক হিসেবে আমরা পুরোপুরি বিশ্বাস করতে পারিনা।
 
আর এই সুক্ষ্ম সন্দেহের জায়গাতেই পাঠক আসল গোলকধাঁধায় পড়েন। গথিক ভৌতিক গল্পে চারপাশে ঘটে যাওয়া একের পর এক ভয়াবহ ঘটনাগুলো কি সত্যিই কোনো অতিপ্রাকৃতিক অপশক্তির কারসাজি, নাকি তা স্রেফ কোনো চরিত্রের চূড়ান্ত মানসিক বিপর্যয় ও মনস্তাত্ত্বিক ভাঙনেরই এক করুণ বহিঃপ্রকাশ? 
 

অতিপ্রাকৃতিক উপাদানগুলো  

ভূত-প্রেত, রক্তচোষা ভ্যাম্পায়ার, ডাইনি, প্রাচীন অভিশাপ, ভবিষ্যৎ ইঙ্গিতকারী কোনো দুঃস্বপ্ন, কোনো অলৌকিক বা অভিশপ্ত বস্তু, হঠাৎ করে কোনো চরিত্রের রহস্যময়ভাবে নিখোঁজ হয়ে যাওয়া আর যুক্তির বাইরে ঘটে যাওয়া নানা ব্যাখ্যাতীত ঘটনা; এসব অতিপ্রাকৃতিক উপাদানগুলো গথিক সাহিত্যে বারবার ফিরে আসে।  
 
তবে এই উপাদানগুলো গল্পে কেবল সস্তা চমক বা তাৎক্ষণিক ভয় দেখানোর জন্য আসে না। গল্পের চরিত্রগুলোর ভেতরের চাপা আতঙ্ক, অপরাধবোধ, অবদমিত কোনো আকাঙ্ক্ষা আর নিয়তির অমোঘ নিষ্ঠুরতাকে রূপক অর্থে পাঠকের সামনে তুলে ধরার জন্যে এগুলোকে খুব সূক্ষ্মভাবে ব্যবহার করা হয়। 
 
উহাহরন স্বরুপ বলা যেতে পারে,  এখানে ভুত-প্রেত কোনো সাধারণ প্রেতাত্মা নয়, বরং তা কোনো এক অমীমাংসিত বা চাপা পড়া তীব্র অপরাধবোধের জলজ্যান্ত প্রতীক হতে পারে। তেমনিভাবে, বংশানুক্রমে বয়ে চলা কোনো প্রাচীন অভিশাপ আসলে পূর্বপুরুষদের করা কোনো পাপের অমোঘ দায়ভারকে নির্দেশ করে, আর গল্পে আসা দানব বা রাক্ষুসে সত্তাগুলো মূলত মানুষের নিজের ভেতরের আদিম ও অন্ধকার প্রবৃত্তিরই এক একটা প্রতিফলন।  
 
সবচেয়ে চমৎকার বিষয় হলো, গল্পের শেষমেশ যখন এই অতিপ্রাকৃতিক ঘটনাগুলোর পেছনে কোনো যৌক্তিক বা বাস্তবসম্মত ব্যাখ্যাও দাঁড় করানো হয়, তখনও কিন্তু পাঠকের মনে তার রেশ বা আবেগগত প্রভাব একটুও কমে না। কারণ, এতক্ষণ ধরে ঘটে যাওয়া সেই অসম্ভব ঘটনাগুলোর হাত ধরে চরিত্রদের চেনা বাস্তবতার ভিতটা ততক্ষণে এমনভাবে চুরমার হয়ে গেছে যে, তাদের এবং পাঠকদের চারপাশের জগতকে দেখার চিরচেনা দৃষ্টিভঙ্গিটাই আমূল বদলে যায়।  
 

গোপন রহস্য এবং নিষিদ্ধ জ্ঞান 

লুকিয়ে রাখা প্রাচীন পাণ্ডুলিপি, রহস্যময় ভবিষ্যদ্বাণী আর যুগ যুগ ধরে চেপে রাখা পারিবারিক গোপন রহস্য; এসবের ওপর ভর করেই মূলত গথিক ঘরানার গল্পগুলো জমে ওঠে। শুধু তাই নয়, কোনো এক বিস্মৃত অপরাধের ছায়া, বাড়ির কোণে লুকিয়ে থাকা গোপন কক্ষ, দেয়ালে ঝোলানো অদ্ভুত কোনো প্রতিকৃতি কিংবা ধুলো জমা নিষিদ্ধ বইয়ের পাতায় পাতায় লুকিয়ে থাকে গা ছমছমে রোমাঞ্চ। মূলত এই রহস্যময় উপাদানগুলোই একের পর এক নাটকীয় মোড় এনে গথিক কাহিনির গতিকে দারুণভাবে এগিয়ে নিয়ে যায়।
 
গথিক গল্পের চরিত্ররা প্রায়শই এমন কিছু সত্য আবিষ্কার করে বসে যে যা তাদের পূর্বপুরুষেরা অত্যন্ত সযত্নে এবং ইচ্ছাকৃতভাবে গোপন করে রেখেছিল। তবে এই গোপন রহস্যের উন্মোচন তাদের জীবনে কোনো মুক্তি বা শান্তি নিয়ে আসে না। এই নিষিদ্ধ জ্ঞান তাদের ভেতরের নিষ্পাপ অনুভূতিকে কেড়ে নেয়, মানসিক ভারসাম্য বিঘ্নিত করে এবং তাদের নৈতিক বিশ্বাসের ভিতকে পুরোপুরি ধূলিসাৎ করে দেয়।
 
গোপন সত্য খুঁজে বের করার এই তাড়না আসলে মানবজাতির বিপজ্জনক কৌতূহলেরই এক জোরালো রূপক হিসেবে কাজ করে থাকে। মানুষ যে নিষিদ্ধ বা অজানা বিষয়ের পেছনে ছুটে নিজেই নিজের বিপদ ডেকে আনে, এই থিমটি কেবল পুরোনো দিনের গল্পেই সীমাবদ্ধ নয়; বরং আজও আধুনিক ভৌতিক সাহিত্যের অন্যতম প্রধান ও কেন্দ্রীয় ভিত্তি হিসেবে টিকে রয়েছে।
 

গথিক সাহিত্যের মূল থিমগুলো  

গথিক সাহিত্যের মূল থিমগুলো নিচে আলোচনা করা হলোঃ
 

অতীতের ফিরে আসা 

গথিক সাহিত্যে অতীত আসলে কখনোই সত্যিকার অর্থে পুরোপুরি বিলীন যায় না, তা কোনো না কোনোভাবে বর্তমানকে তাড়া করে বেড়ায়। 
 
অতীতে ঘটে যাওয়া কোনো প্রাচীন অপরাধের কালো ছায়া এসে পড়ে নিষ্পাপ উত্তরসূরিদের জীবনে, অনেক আগে মারা যাওয়া কোনো পূর্বপুরুষের কর্মফল বা অভিশাপ এসে নিয়ন্ত্রণ করতে শুরু করে বর্তমানের বাস্তবতাকে, আর অতীতে দেওয়া কোনো বিস্মৃত প্রতিশ্রুতি হঠাৎ করেই ফিরে এসে নিজের পাওনা আদায়ের দাবি জানায়। এমনকি গল্পের ওই পরিত্যক্ত, স্যাঁতসেঁতে বা জরাজীর্ণ ভবনগুলোও আসলে অতীতেরই কোনো না কোনো করুণ ট্র্যাজেডি বা বুকফাটা কষ্টের স্মৃতিকে নিজেদের দেয়ালে দেয়ালে সযতনে জমিয়ে রাখে। 
 
বারবার ফিরে আসা এই থিমটি মূলত একটা কথাই মনে করিয়ে দেয় যে ইতিহাসকে কখনোই সম্পূর্ণভাবে মুছে ফেলা যায় না। কোনো ব্যক্তি হোক বা গোটা সমাজ আর তারা মুখে স্বীকার করুক আর নাই করুক, নিজেদের ফেলে আসা অতীতেরই কোনো না কোনো পাপ বা কর্মফল তাদের অবধারিতভাবে তাড়া করে ফিরবেই। 
 

একাকীত্ব এবং বিচ্ছিন্নতা  

গথিক সাহিত্যের নায়ক-নায়িকারা প্রায়ই এক দমবন্ধ করা শারীরিক কিংবা মানসিক বিচ্ছিন্নতার বেড়াজালে আটকা পড়ে যায়।
 
কখনও তারা কোনো প্রাচীন দুর্গের অবরুদ্ধ দেওয়ালে বন্দি হয়, কখনও বা প্রলয়ংকরী ঝড়ের কারণে বাইরের চেনা পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে;কখনও তারা আটকে পড়ে দূরবর্তী কোনো নিঝুম জনপদে, আবার কখনও নিজেদের বুকের ভেতর বয়ে বেড়ানো কোনো ভয়ানক গোপন সত্যের কারণে সমাজ থেকে নিজেদের গুটিয়ে নেয়। এই নিশ্ছিদ্র নিঃসঙ্গতা তাদের অসহায়ত্বকে বহুগুণ বাড়িয়ে দেয় এবং বাইরের কোনো সাহায্য বা সান্ত্বনা ছাড়াই নিজেদের মনের ভেতরের ভয়ংকর সব চিন্তাভাবনার মুখোমুখি হতে বাধ্য করে।  
 
আর এই অবরুদ্ধ একাকীত্ব একদিকে যেমন চরিত্রগুলোর চারপাশে ঘটে যাওয়া অতিপ্রাকৃতিক আতঙ্ককে আরও বেশি জীবন্ত ও জাঁকিয়ে বসতে সাহায্য করে, অন্যদিকে তাদের ভেতরের মানসিক যন্ত্রণাকেও এক চূড়ান্ত মনস্তাত্ত্বিক ভাঙনের দিকে ঠেলে দেয়। 
 

মানসিক উন্মাদনা

গথিক সাহিত্যে সুস্থ মন আর চরম উন্মাদনার মধ্যকার চিরচেনা সীমারেখাটা ইচ্ছাকৃতভাবেই খুব আবছা আর ধোঁয়াশাপূর্ণ করে রাখা হয়। 
 
গথিক হরর সাহিত্যের গল্পের চরিত্ররা প্রতিনিয়ত তীব্র হ্যালুসিনেশন বা মতি বিভ্রম, হাড়হিম করা দুঃস্বপ্ন, কোনো কিছুর প্রতি অন্ধ আবেশ এবং গভীর মানসিক আঘাতের মধ্য দিয়ে যায়। এর ফলে পাঠকের মনে বারবার এই অমোঘ প্রশ্নটা দোলা দেয়ঃ চারপাশে ঘটে যাওয়া অতিপ্রাকৃতিক ঘটনাগুলো কি সত্যিই বাস্তব, নাকি কোনো চরম মানসিক আঘাতে বিপর্যস্ত মন নিজেই চারপাশের চেনা বাস্তবতাকে এমন বিকৃত ও ভয়ানক রূপ দিচ্ছে?
 
আর এই যে একটা কুয়াশাচ্ছন্ন মনস্তাত্ত্বিক অনিশ্চয়তা, এটাই মূলত গথিক হররের সবচেয়ে দীর্ঘস্থায়ী এবং শক্তিশালী উত্তেজনার অন্যতম এক প্রধান উৎস। 
 

মৃত্যু এবং মরণশীলতা 

গথিক সাহিত্যের প্রতিটি পরতে পরতে মৃত্যু যেন এক গভীর, নিবিড় আর অমোঘ সত্য হিসেবে লেপ্টে থাকে।
 
গল্পের ধ্বংসপ্রাপ্ত বা পরিত্যক্ত কবরস্থান, কঙ্কাল, স্যাঁতসেঁতে পারিবারিক সমাধি, পচনশীল মৃতদেহ, শোকের কালো আবহ আর প্রেতাত্মাদের সঙ্গে আচমকা মুখোমুখি হওয়ার গা-ছমছমে ঘটনাগুলো বারবার পাঠককে মানুষের অবধারিত ও অনিবার্য শেষ পরিণতির কথা মনে করিয়ে দেয়।
 
তবে গথিক সাহিত্যে মৃত্যুকে কেবলই কোনো কুৎসিত বা নিছক ভয়ংকর ঘটনা হিসেবে উপস্থাপন করা হয় না। এখানে মৃত্যু এবং মানুষের মরনশীলতাকে একই সাথে রহস্যময়, এক অদ্ভুত সৌন্দর্যমণ্ডিত, চরম করুণ এবং এক জগত থেকে অন্য জগতে যাওয়ার রূপান্তরমূলক এক অভিজ্ঞতা হিসেবেও অত্যন্ত নিখুঁতভাবে চিত্রিত করা হয়ে থাকে। 
 

গথিক ভৌতিক সাহিত্যের বিখ্যাত দানবগুলো  

ভূত- প্রেত এবং অশরীরী আত্মা 

গথিক সাহিত্যে ভূত-প্রেত এবং অশরীরী আত্মারা আসলে জীবিত আর মৃতের মধ্যকার এক অসমাপ্ত ও অমীমাংসিত সম্পর্কের জীবন্ত প্রতীক হিসেবে কাজ করা থাকে। মৃত্যুর পরে তারা চিরতরে বিলীন না হয়ে গিয়ে কেবলই একটু ন্যায়বিচার, প্রতিশোধ, ক্ষমা কিংবা জীবিতদের স্মৃতিতে একটুখানি ঠাঁই পাওয়ার ব্যাকুল উদ্দেশ্যে বারবার ফিরে আসে। 
 
বর্তমান সময়ের আধুনিক হরর চলচিত্রের ক্ষ্যাপাটে ভূতদের মতো গথিক সাহিত্যের আত্মারা সাধারণত কাউকে শারীরিকভাবে আঘাত করে না। বরং তারা অনেক বেশি মনস্তাত্ত্বিক; তারা গল্পের  চরিত্রদের মনের গভীরে লুকিয়ে রাখা কোনো গোপন সত্যকে হুট করে আলোয় টেনে আনে, অথবা চরিত্রদের নিজেদেরই লুকিয়ে রাখা তীব্র অপরাধবোধের মুখোমুখি দাঁড় করিয়ে এক গভীর, দমবন্ধ করা মানসিক আতঙ্ক সৃষ্টি করে।
 
 
গথিক-হরর-মানুষের-মনের-ভেতরের-অন্ধকারের-এক-প্রতিফলিত-রুপ

 

ভ্যাম্পায়ার 

ভ্যাম্পায়ার বা মানুষের রক্ত চোষা অতিপ্রাকৃতিক সত্তাগুলো কালক্রমে গথিক হররের সবচেয়ে প্রভাবশালী আর অবিচ্ছেদ্য চরিত্রগুলোর একটিতে পরিনত হয়েছে। একদিকে তারা মার্জিত ও অভিজাত, অন্যদিকে চরম ভয়ংকর; একদিকে তীব্র সম্মোহনী ক্ষমতার অধিকারী, অন্যদিকে ভীষণ প্রাণঘাতী। ভ্যাম্পায়ার মূলত মানুষের অমরত্বের লোভ, অবদমিত নিষিদ্ধ আকাঙ্ক্ষা, সংক্রামক রোগব্যাধি, উচ্চবিত্ত শ্রেণির ভেতরের নৈতিক অবক্ষয় এবং চিরন্তন মৃত্যুভীতির এক জীবন্ত প্রতীক হিসেবে কাজ করে থাকে। 
 
তাদের এই দ্বৈত স্বভাব, যা একই সাথে পাঠককে তীব্রভাবে আকর্ষণ করে আবার তাদের মনে হাড়হিম করা আতঙ্কও জাগিয়ে তোলে, ভ্যাম্পায়ারদেরকে গথিক সাহিত্যের জগতে এক অনন্য, শক্তিশালী ও কালজয়ী চরিত্রে পরিণত করেছে।
 

পাগল বিজ্ঞানী  

বৈজ্ঞানিক উচ্চাকাঙ্ক্ষা আর জ্ঞানের অন্ধ মোহও গথিক সাহিত্যে আতঙ্কের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গভীর উৎস হতে পারে।  
 
চূড়ান্ত ও পরম জ্ঞানের সন্ধানে মত্ত থাকা গবেষকেরা প্রায়ই সমস্ত মানবিক ও নৈতিক সীমারেখা গুঁড়িয়ে দিয়ে নতুন জীবন সৃষ্টি করতে, প্রকৃতির আদিম নিয়মকে জোরপূর্বক বদলে দিতে কিংবা ঐশ্বরিক ক্ষমতাকে সরাসরি চ্যালেঞ্জ জানাতে উদ্যোগী হয়। 
 
তাদের এই সব ভয়ংকর পরীক্ষা-নিরীক্ষা মূলত এটাই প্রমাণ করে যে, যখন মানুষের তীব্র কৌতূহলকে নিয়ন্ত্রণ করার জন্য ন্যূনতম সহমর্মিতা ও নৈতিক দায়িত্ববোধটুকু হারিয়ে যায়, তখন বুদ্ধিবৃত্তিক অহংকার ও অহমিকা কতটা প্রলয়ংকরী ও ধ্বংসাত্মক পরিণতি ডেকে আনতে পারে। 
 

নিজের অশুভ জমজ (Doppelganger) 

ডপেলগ্যাঙ্গার বা নিজের অশুভ, শয়তান যমজের ধারণাটি মূলত গথিক ভৌতিক সাহিত্যে মানুষের ভেতরে থাকা বিভক্ত সত্তার এক জটিল প্রতীক।  
 
গল্পের চরিত্ররা এখানে হুট করেই নিজেদের এমন এক হুবহু বিকল্প রূপের মুখোমুখি এসে দাঁড়ায়, যা আসলে তাদের নিজেদেরই মনের গহীনে চেপে রাখা তীব্র গোপন আকাঙ্ক্ষা, লুকিয়ে রাখা হিংস্রতা কিংবা নৈতিক অবক্ষয়ের এক নিখুঁত আর ভয়ানক প্রতিচ্ছবি।
 
গল্পের চরিত্রদের এই অদ্ভুত ও হাড়হিম করা মুখোমুখি হওয়া মূলত এটাই ইঙ্গিত করে যে, বাইরে থেকে যতই মার্জিত বা শালীন দেখাক না কেন, প্রতিটি মানুষের অবচেতনেই একই সঙ্গে সভ্য ও দানবীয়, উভয় সম্ভাবনাই সমানভাবে সুপ্ত অবস্থায় ওত পেতে থাকে।
 

গথিক হরর সাহিত্যের কয়েকজন বিখ্যাত লেখক  

হোরেস ওয়ালপোল গথিক সাহিত্যের মূল ভিত্তি ও কাঠামো তৈরি করে দিয়েছিলেন ঠিকই, তবে পরবর্তী সময়ের লেখকেরা এর ভেতরের লুকিয়ে থাকা সম্ভাবনাকে বহুগুণ বিস্তৃত ও সমৃদ্ধ করে তোলেন।
 
অ্যান র‍্যাডক্লিফ তাঁর লেখায় রহস্য, আবেগের তীব্রতা এবং চারপাশের পরিবেশের গা-ছমছমে ভীতিকর আবহের ওপর বিশেষ জোর দেন। চমৎকার বিষয় হলো, তাঁর উপন্যাসগুলোতে আপাতদৃষ্টিতে অতিপ্রাকৃতিক বলে মনে হওয়া অনেক ঘটনার পেছনেই গল্পের শেষ ভাগে এক ধরনের যৌক্তিক ও বাস্তব ব্যাখ্যা দেওয়া হতো। তাঁর এই রচনাশৈলী প্রমাণ করে যে ভৌতিক সাহিত্যে সরাসরি কোনো ভয়ংকর দৃশ্য দেখানোর চেয়ে, আসন্ন কোনো বিপদের চরম প্রতীক্ষা পাঠকের মনে অনেক বেশি গভীর ও দীর্ঘস্থায়ী ভয় সৃষ্টি করতে পারে। 
 
অন্যদিকে, ম্যাথিউ গ্রেগরি লুইস তাঁর বিখ্যাত The Monk (দ্য মঙ্ক) উপন্যাসে গথিক সাহিত্যের এক চরম অন্ধকারাচ্ছন্ন ও বীভৎস রূপ তুলে ধরেন। তিনি র‍্যাডক্লিফের ধারা থেকে বেরিয়ে এসে তাঁর কাহিনিকে একদম বাস্তব অতিপ্রাকৃতিক শক্তি, শয়তানের সরাসরি প্রলোভন, চরম সহিংসতা এবং মানুষের তীব্র নৈতিক অবক্ষয়ের উপাদানে পরিপূর্ণ করে তোলেন।  
 
মেরি শেলি তাঁর বিখ্যাত Frankenstein (ফ্রাঙ্কেনস্টাইন) উপন্যাসের মাধ্যমে গথিক সাহিত্যের চেনা জগতে এক যুগান্তকারী ও বৈপ্লবিক পরিবর্তন আনেন। উপন্যাসটিতে তিনি চিরাচরিত প্রেতাত্মা বা কোনো প্রাচীন অভিশাপের মতো গথিক ভৌতিক সাহিত্যের চিরপরিচিত উপাদানগুলোর উপর নির্ভর না করে তিনি মানুষের অন্ধ বৈজ্ঞানিক উচ্চাকাঙ্ক্ষা, সৃষ্টির প্রতি স্রষ্টার নৈতিক দায়বদ্ধতা, অস্তিত্বের চরম নিঃসঙ্গতা এবং মানুষের সঙ্গে তার নিজেরই সৃষ্ট সত্তার জটিল সম্পর্কের মতো গভীর মনস্তাত্ত্বিক বিষয়গুলো অনুসন্ধান করেন।
 
এই অনন্য উপন্যাসটি একদিকে যেমন বিজ্ঞান কল্পকাহিনির (Science Fiction) ইতিহাসের অন্যতম প্রাথমিক শ্রেষ্ঠ রচনা হিসেবে সর্বজনীন স্বীকৃতি লাভ করে, ঠিক অন্যদিকে এর গা-ছমছমে আবহ, অন্তহীন হাহাকার আর মূল বিষয়বস্তুর দিক থেকে এটি গভীরভাবে গথিক সাহিত্যেরই অংশ হয়ে থাকে।
 
এডগার অ্যালান পো গথিক হররের গতিপথ বদলে দিয়ে তাকে মানুষের অন্তর্জগতের অন্ধকার গলিতে নিয়ে যান। তিনি এমন সব তীব্র মনস্তাত্ত্বিক গল্প রচনা করেন, যেখানে চরিত্রগুলোর তীব্র অপরাধবোধ, অন্ধ আবেগ, চরম উন্মাদনা এবং অবিশ্বস্ত বর্ণনাকারীর (Unreliable narrator)  বয়ানের মধ্য দিয়ে এক শ্বাসরুদ্ধকর ও অসহনীয় ভয়ের পরিবেশ গড়ে ওঠে।
 
The Tell-Tale Heart (দ্য টেল টেইল হার্ট) এবং The Fall of the House of Usher (দ্য ফল অফ দ্য হাউস অফ আশার)-এর মতো কালজয়ী গল্পগুলো আমাদেরকে চমৎকারভাবে দেখিয়ে দেয় যে, বাইরের কোনো প্রাচীন প্রাসাদের চেয়েও মানুষের নিজের বিশৃঙ্খল ও অভিশপ্ত মনই শেষ পর্যন্ত সবচেয়ে ভয়ংকর বস্তুতে পরিণত হতে পারে।   
 
ব্রাম স্টোকার তাঁর Dracula (ড্রাকুলা) উপন্যাসের মাধ্যমে ভ্যাম্পায়ারের চরিত্রটিকে বিশ্বসাহিত্যে চিরকালের জন্য অমর করে তোলেন। তিনি লোককথার (Folklore) প্রাচীন বিশ্বাসগুলোকে তাঁর সময়ের অর্থাৎ ভিক্টোরিয়ান যুগে (১৮৩৭–১৯০১) পাশ্চাত্য সমাজের নানা রকম শঙ্কার (যেমনঃ ছোঁয়াচে রোগব্যাধি, অবদমিত যৌন আকাঙ্খা, বহিরাগত অভিবাসী লোকেদের নিয়ে আতঙ্ক, ধর্মবিশ্বাস এবং বিজ্ঞানের দ্রুত অগ্রগতি ইত্যাদি) সঙ্গে অত্যন্ত নিপুণভাবে মিলিয়ে দেন।  
 
প্রাচীন ও আধুনিকের এই অদ্ভুত যুগলবন্দির কারণেই কাউন্ট ড্রাকুলা রূপকথার ভূতের গণ্ডি পেরিয়ে বিশ্বসাহিত্যের ইতিহাসে অন্যতম সর্বাধিক পরিচিত, প্রভাবশালী ও স্মরণীয় খলনায়ক হিসেবে স্থান করে নেয়। 
 
অস্কার ওয়াইল্ড তাঁর The Picture of Dorian Gray (দ্য পিকচার অফ ডরিয়ান গ্রে) উপন্যাসের মাধ্যমে গথিক হররকে এক নতুন ও প্রথাবিরোধী রূপ দান করেন। এই উপন্যাসের প্রধান চরিত্রের চরম অহংকার, তীব্র আত্মপূজা, নৈতিক অবক্ষয় এবং চরিত্রের ধীরে ধীরে ঘটে যাওয়া চরম পচন থেকে পাঠকদের মনে গা-ছমছমে আতংকের জন্ম নেয়।  
 
শিল্প ও জীবনের এক অদ্ভুত মেলবন্ধনে তিনি দেখিয়েছেন যে, বাইরে থেকে অমলিন সৌন্দর্য ধরে রাখলেও, মানুষের মনের সুপ্ত পাপ ও রূপকের আয়নায় প্রতিফলিত নৈতিক পতনই আসলে সবচেয়ে ভয়ংকর গথিক আতঙ্কের সৃষ্টি করতে পারে।
 

স্থাপত্যশৈলীতে গথিক হরর 

গথিক হররের দুনিয়ায় আর্কিটেকচার বা স্থাপত্য শৈলী শুধু কাহিনীর সাধারন পটভূমি (General Background) হয়ে থাকে না, বরং গল্পে তা নিজেই যেন এক জীবন্ত ও ভয়াল চরিত্রে রূপ নেয়।
 
আকাশছোঁয়া ক্যাথেড্রালগুলো তাদের দানবীয় বিশালতা আর আলো-ছায়ার রহস্যময় পরিবেশের মাধ্যমে একদিকে যেমন বিস্ময়ের জন্ম দেয়, অন্যদিকে তা পাঠকদের মনে এক গভীর ভীতির অনুভূতি জাগিয়ে তোলে। ভগ্নপ্রায় প্রাচীন দুর্গগুলো নিঃশব্দে বয়ে বেড়ায় মধ্যযুগীয় রক্তাক্ত সহিংসতার নির্মম স্মৃতি। অন্যদিকে, ভিক্টোরিয়ান আমলের সুরম্য প্রাসাদগুলো তাদের ধোঁয়াশাচ্ছন্ন গোপন কক্ষ আর আঁকাবাঁকা চোরাপথের আড়ালে চেপে রাখে কুলীন পরিবারের অজস্র অন্ধকার পাপাচার। আবার, নির্জন মঠ ও অ্যাবিগুলো গভীর ধর্মীয় আবহ তৈরির পাশাপাশি পাঠকদের বিস্মৃত কোনো অন্ধকার আচার-অনুষ্ঠান আর শতাব্দীর প্রাচীন গোপন পাপের কথাও মনে করিয়ে দেয়। 
 
গথিক সাহিত্যে এসব প্রাচীন স্থাপত্য কেবল জড় পাথরের দেয়াল হয়ে থাকে না, বরং সময়ের আবর্তে সেগুলো যেন এক একটা জীবন্ত সত্তায় রূপান্তরিত হয়। তারা অন্ধকারে কড়মড় শব্দে আর্তনাদ করে, শূন্য করিডোরে ফুঁপিয়ে ওঠে, মানুষকে নিজেদের অভিশপ্ত জালে বন্দি করে ফেলে এবং কাহিনীর চূড়ান্ত মুহূর্তে যুগের পর যুগ ধরে চেপে রাখা গোপন রহস্য উন্মোচন করে। 
 
এই অট্টালিকাগুলোর বাহ্যিক জীর্ণতা ও ভেঙে পড়া অবকাঠামো মূলত সেখানে বসবাসকারী চরিত্রগুলোর মানসিক বিপর্যয়, নৈতিক পতন আর ভেতর থেকে ক্ষয়ে যাওয়ার এক নিপুণ প্রতিচ্ছবি হিসেবে কাজ করে থাকে। 
 
গথিক স্থাপত্যের এই ভীতিপ্রদ আবেশ আধুনিক হরর চলচ্চিত্রেও সমানভাবে রাজত্ব করে চলেছে। সেই কারনে বর্তমান যুগেও পরিত্যক্ত হাসপাতাল, গুমোট হোটেল, জরাজীর্ণ মানসিক আশ্রয়কেন্দ্র কিংবা নির্জন প্রাসাদগুলোকে বারবার ভয়ের উৎস হিসেবে বেছে নেওয়া হয়। কারণ, যুগ বদলে গেলেও গথিক স্থাপত্য আজও মানুষের অবচেতন মনে অবদমিত আতঙ্ক, অদ্ভুত রহস্য আর অজানা এক ভয়ের অনুভূতি জাগাতে একইভাবে সফল হয়। 
 

সময়ের সাথে সাথে গথিক ভৌতিক সাহিত্যের বিবর্তন  

উনবিংশ শতাব্দীতে গথিক সাহিত্য ধীরে ধীরে সময়ের পরিবর্তন ও নতুন সামাজিক বাস্তবতার সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে শুরু করে। 
 
এই পরিবর্তনের ধারায় দূর-দূরান্তের মধ্যযুগীয় দুর্গের থমথমে ভৌতিক আবহ পেছনে ফেলে কোলাহলময় নগর জীবন গথিক কাহিনীর মূল কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। উনবিংশ শতকে ইউরোপে নিত্য নতুন বৈজ্ঞানিক আবিস্কার ও উদ্ভাবন মানুষের মনে নতুন ধাঁচের উদ্বেগ ও আশঙ্কার জন্ম দেয়। অন্যদিকে দ্রুত শিল্পায়নের ফলে সৃষ্ট দূষণ আর ধোঁয়াশা ইউরোপের বড় বড় শহরগুলোকে এক ক্ষয়িষ্ণু, বিষাদময় ও ভীতিকর প্রাকৃতিক দৃশ্যে রুপ দেয়। ঠিক একই সময় মনোবিজ্ঞানের প্রসারের ফলে লেখকরাও অতিপ্রাকৃতিক ভীতি ছাড়িয়ে মানুষের অবচেতন মনের সুপ্ত ভয়, অবদমিত লালসা এবং মনস্তাত্ত্বিক উদ্বেগের অতল গভীরে প্রবেশ করার পথ খুঁজে পান এবং তা সাহস করে সাহিত্যের পাতায় ফুটিয়ে তুলতে উৎসাহ বোধ করেন।   
 
বিংশ শতাব্দীতে এসে গথিক সাহিত্য আরও বিস্তৃত হয়ে গোয়েন্দা কাহিনি, মনস্তাত্ত্বিক থ্রিলার, বিজ্ঞান কল্পকাহিনি এবং আধুনিক হরর সাহিত্যের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে। 
 
গথিক-হরর-মানুষের-মনের-ভেতরের-অন্ধকারের-এক-প্রতিফলিত-রূপ

 
 
উদাহরন স্বরুপ, এই নতুন যুগে এসে প্রাচীন কোনো অভিশপ্ত রাজপ্রাসাদের জায়গা দখল করে নেয় আমাদের খুব চেনা শহরতলির সাধারণ ঘরবাড়ি। মধ্যযুগীয় প্রাচীন অভিশাপ রূপান্তরিত হয়েছে মানুষের ভেতরে চেপে রাখা অতীতের মানসিক ট্রমা বা আঘাতে। আর রক্তচোষা দানব বা ভৌতিক প্রেতাত্মারা মানুষের মানসিক অসুস্থতা, সামাজিক একাকীত্ব, পরিবেশগত বিপর্যয় কিংবা অনিয়ন্ত্রিত প্রযুক্তির ধ্বংসাত্মক স্বভাবের জীবন্ত প্রতীকে পরিনত হতে থাকে।  
 
বর্তমান সময়ের গথিক ভৌতিক সাহিত্য সময়ের সাথে সাথে ক্রমাগত রূপ বদলাতে থাকলেও, তার আসল আবেগিক রূপটি কিন্তু একই রয়ে গেছে। আজকের আধুনিক গল্পে হয়তো দুর্গের বদলে জায়গা করে নেয় পরিত্যক্ত কোনো মানসিক হাসপাতাল, নির্জন বৈজ্ঞানিক গবেষণাগার, ডিজিটাল নেটওয়ার্কের ভূতুড়ে বিভ্রম কিংবা পারিবারিক অপরাধবোধ। তবে পটভূমি যা-ই হোক না কেন, এসব কাহিনীর মূলে আজও সগৌরবে রয়ে গেছে মানুষের চিরন্তন নিঃসঙ্গতা, তীব্র অপরাধবোধ, অমোঘ মৃত্যুচিন্তা এবং অজানার মুখোমুখি হওয়ার সেই পরিচিত গা-ছমছমে অনুভূতি।  
 

আধুনিক জনপ্রিয় সংস্কৃতিতে গথিক ভৌতিক সাহিত্যের প্রভাব  

পপ কালচার বা আধুনিক জনপ্রিয় সংস্কৃতিতে গথিক ভৌতিক সাহিত্যের মতো এত গভীর ও দীর্ঘস্থায়ী ছাপ আর কোনো সাহিত্যধারা ফেলতে পেরেছে কিনা তা নিয়ে অনেক গবেষকদের মনেই সন্দেহ রয়ে গেছে। 
 
মূলধারার চলচ্চিত্রের ইতিহাসের অজস্র কালজয়ী সৃষ্টি আজও গথিক ভৌতিক সাহিত্যের কাছে গভীরভাবে ঋণী। অভিশপ্ত বাড়ি নিয়ে তৈরি সিনেমা, রক্তচোষা ভ্যাম্পায়ার এবং প্রেতাত্মা ও ভয়াল দানবের গল্প, কিংবা রহস্যঘেরা সাইকোলজিক্যাল থ্রিলার; প্রতিটি ঘরনাই থমথমে আবহ তৈরি, শ্বাসরুদ্ধকর সাসপেন্স এবং প্রতীকী রূপকের মাধ্যমে গল্প বলার গথিক কৌশলকে উত্তরাধিকারসূত্রে গ্রহণ করেছে।
 
বর্তমান যুগের নাটক এবং ওয়েব সিরিজগুলোও হরর ও রহস্যের আবহে গথিক পরিবেশকে নতুনভাবে আঁকড়ে ধরেছে। অতিপ্রাকৃতিক রহস্যের জাল, অভিজাত বংশের লোকেদের যুগ যুগ ধরে চলে আসা পারিবারিক অন্ধকার গল্প এবং মানবমনের গভীর দ্বন্দ্বকে এক সুতোয় বেঁধে তারা গথিক ঐতিহ্যকে আধুনিক দর্শকদের রুচি অনুযায়ী নতুন করে উপস্থাপন করে চলেছে।
 
ডিজিটাল বিনোদন, বিশেষ করে, ভিডিও গেমসের জগতে গথিক নান্দনিকতা এক গভীর ও রোমাঞ্চকর মাত্রা যোগ করেছে।
 
ভেঙে পড়া প্রাচীন ক্যাথিড্রাল, প্রাচীন অভিশাপের কবলে পড়া রাজ্য, জনমানবহীন ভূতুড়ে গ্রাম, উৎকট অবয়বের দানব আর গভীর বিষাদঘেরা গল্পের মধ্য দিয়ে ভিডিও গেমগুলো গথিক ঐতিহ্যকে নতুন আমেজে বাঁচিয়ে রেখেছে। এসব গেমে খেলোয়াড়রা সশরীরে এমন এক গা-ছমছমে ভার্চুয়াল জগতে হেঁটে বেড়ানোর অভিজ্ঞতা লাভ করে, যেখানে ভগ্ন দেয়াল আর রহস্যময় স্থাপত্যগুলো নিজেই অতীতের অজানা ইতিহাস, অন্তরালে থাকা গোপন সত্য এবং তীব্র মানসিক উদ্বেগের নীরব সাক্ষী হয়ে ওঠে। 
 

গথিক ভৌতিক সাহিত্যের যুগ যুগ ধরে টিকে থাকার কারন  

মানবজীবনের গভীর ও চিরন্তন সত্যগুলোকে গভীরভাবে অনুসন্ধান করে তা রুপক আকারে পাঠকদের সামনে তুলে ধরার সফলতাই গথিক ভৌতিক সাহিত্যিক যুগ যুগ ধরে টিকে রাখতে সাহায্য করেছে।  
 
প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষ মৃত্যু, নিঃসঙ্গতা, প্রিয়জনকে হারানোর বেদনা, তীব্র অপরাধবোধ আর অজানার ভয়কে বহন করে চলেছে। সময়ের সাথে সাথে ভয়ের রূপ কিংবা ভয়াল দানবের অবয়ব বদলালেও মানুষের এই মৌলিক অনুভূতিগুলো কিন্তু অপরিবর্তিতই থেকে যায়। গথিক সাহিত্য অবচেতন মনের এসব বিমূর্ত উদ্বেগ ও মানসিক আতঙ্ককে ভূত, ভ্যাম্পায়ার, অভিশপ্ত বাড়ি কিংবা রহস্যময় অপরিচিতদের মতো স্মরণীয় চরিত্র ও রূপকের মাধ্যমে অত্যন্ত জীবন্ত ও অমলিন গল্পে রূপান্তর করে।
 
গথিক ভৌতিক সাহিত্য আমাদের এই সত্যের মুখোমুখি দাঁড় করায় যে,অশুভ শক্তি কেবল বাইরের কোনো ভৌতিক বা অলৌকিক সত্তার মধ্যেই সীমাবদ্ধ নয়। মানুষের ভেতরে যেমন অপরিসীম ভালোবাসা ও সহমর্মিতা বিরাজ করে,  ঠিক তেমনই সেখানে অসীম নিষ্ঠুরতা ও ধ্বংসাত্মক প্রবণতাও লুকিয়ে থাকে। 
 
আর তাই গথিক ভৌতিক কাহিনীগুলো আমাদের মনে এই গভীর জিজ্ঞাসার জন্ম দেয়ঃ প্রকৃত দানব কি আসলেই মানুষ থেকে সম্পূর্ণ ভিন্ন কিছু, নাকি তারা আমাদের নিজেদেরই অন্ধকার স্বভাবের এক বিকৃত ও অতিরঞ্জিত প্রতিচ্ছবি? 
 
বিজ্ঞান ও যুক্তিনির্ভর এই আধুনিক বিশ্বেও গথিক হরর আমাদের অজানার সেই অপার রহস্যকে শ্রদ্ধা জানাতে শেখায়। একসময় মানুষ যেসব অলৌকিক ঘটনাকে অতিপ্রাকৃত শক্তি ভেবে ভয় পেত, বিজ্ঞানের কল্যাণে আজ সেগুলোর ব্যাখ্যা আমরা পেয়েছি ঠিকই; কিন্তু মানুষের জীবন ও অস্তিত্বের বহু মৌলিক প্রশ্নের উত্তর আজও আমাদের ধরাছোঁয়ার বাহিরে রয়ে গেছে। 
 
মৃত্যুর পর মানবচেতনার পরিণতি কী? অপরাধবোধ কি মন থেকে কখনো পুরোপুরি মুছে ফেলা সম্ভব? পরম জ্ঞান কি মানুষকে আলোর পথ দেখায়, নাকি শেষমেশ তাকে চূড়ান্ত ধ্বংসের দিকে ঠেলে দেয়? গথিক সাহিত্য পাঠকদের কোনো সস্তা বা সহজ উত্তর উপহার দেয় না; বরং জীবনের এই গভীর রহস্যগুলোর সামনে দাঁড়িয়ে আত্মঅনুসন্ধান ও চিন্তার এক নতুন দুয়ার খুলে দেয়।  
 
সবশেষে, গথিক হরর এ সত্যই প্রতিপন্ন করে যে ভয় কেবল কোনো অনুভূতি নয়, এর নিজস্ব এক গভীর শৈল্পিক মূল্য রয়েছে। আতঙ্ক মানুষের বোধশক্তিকে তীক্ষ্ণ করে, অবচেতনে চেপে রাখা আবেগকে উসকে দেয় এবং আমাদের সমাজ ও নিজেদের ভেতরের অস্বস্তিকর সত্যগুলোর মুখোমুখি দাঁড় করায়।
 

শেষ কথা  

গথিক হরর কেবল সাধারণ ভূতের গল্প কিংবা অতিপ্রাকৃতিক দানবের কাহিনিতেই সীমাবদ্ধ নয়; এটি এমন এক গভীর সাহিত্যধারা, যা মানুষের অবচেতন ভয়, মৃত্যুচিন্তা, স্মৃতি, নৈতিকতা এবং অজানার প্রতি টানকে গভীরভাবে অনুসন্ধান করে। অষ্টাদশ শতাব্দীর ইউরোপের অন্ধকারাচ্ছন্ন দুর্গ ও জরাজীর্ণ ধ্বংসাবশেষ থেকে যাত্রা শুরু করলেও, পরিবেশের আবহ তৈরি, মনস্তাত্ত্বিক জটিলতা ফুটে তোলা এবং গভীর আবেগের প্রতি অনুরাগকে অটুট রেখে এই ধারাটি প্রতিটি যুগেই নিজেকে নতুন রূপে পুনরাবিষ্কার করেছে।
 
গথিক সাহিত্যে ভূতুড়ে স্থাপনাগুলো আসলে মানুষের অস্থির মনের প্রতীক, অশরীরী আত্মারা অমীমাংসিত অতীতের ছায়া এবং বিকট দানবেরা মানবস্বভাবের গুপ্ত অন্ধকার দিকগুলোরই প্রতিচ্ছবি; আর এভাবেই গথিক হরর সাধারণ ভয়কে মানব অস্তিত্বের মৌলিক প্রশ্নগুলো মোকাবিলার এক শক্তিশালী শিল্পমাধ্যমে উন্নীত করেছে।
 
অতি-প্রযুক্তিনির্ভর এই আধুনিক যুগেও মানুষ বারবার গথিক কাহিনির কাছেই ফিরে আসে, কারণ বিজ্ঞান একা মানুষের জীবনের চিরন্তন উদ্বেগগুলোকে শান্ত করতে পারে না। তাই যতদিন মানুষ মৃত্যুর ওপার, ইতিহাসের গোপন সত্যি এবং নিজের ভেতরে লুকিয়ে থাকা অদৃশ্য ভীতি নিয়ে ভাববে, ততদিন গথিক হরর সাহিত্যের অন্যতম প্রভাবশালী ও কালজয়ী ধারা হিসেবে অমর হয়ে থাকবে। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অতিপ্রাকৃতিক ব্লগের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url